‘বিএনপি এখনও বিদেশিদের কাছে নালিশ দিয়েই যাচ্ছে’

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০২:৫৫ পিএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি এখনও বিদেশিদের কাছে নালিশ দিয়েই যাচ্ছে। বিদেশিরা আমাদের দেশে সহযোগিতা ও পরামর্শ দিতে পারে। কিন্তু বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপের কোনও সুযোগ নেই।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে মাদারীপুর সদর উপজেলার সেলিনা কমপ্লেক্সে মহিলাবিষয়ক অধিদফতরের সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপিসহ যারা মনে করছে আন্দোলন করে এ সরকার হটাবে, এই সরকারকে আন্দোলন করে হটানো যাবে না। আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের ওপর ভিত্তি করে রাজনীতি করে আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ ওপরে ফেলার মত দল নয়। এই দল জনগণের হৃদয়ের মধ্যে পতিত।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি আন্দোলনে নামে সন্ত্রাসী কর্মকাণ্ড না করলে তাদের কাউকে গ্রেপ্তার করা হবে না। তারা এখন আন্দোলন করছে। আমরাও আমাদের মত কাজ করছি। আমি বিশ্বাস করি, শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করছে আগামীতেও জনগণ শেখ হাসিনা ও তার দলকে ভোট দেবে। 

এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার কনা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত