নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০২:৪৪ এএম

রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে পশ্চিম আগারগাঁও পানির ট্যাঙ্কের পাশে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শ্রমিক হলেন রোকন (৩২) ও শাহাদত (২২)। তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর এলাকায়।

তাদের সহকর্মী কবির হোসেন জানান, তারা পশ্চিম আগারগাঁও পানির ট্যাঙ্কের পাশে একটি ১৪তলা ভবনে কাজ করছিলেন। রোকন ও শাহাদত দুজন রাজমিস্ত্রির কাজ করতেন। তারা দুজন ভবনের তিনতলায় বাইরের দিকে মাচান বেঁধে দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় মাচান ছিঁড়ে দুজন নিচে পড়ে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কবির আরও জানান, কাজ করার সুবাদে ওই ভবনেই থাকতেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. বাচ্চু মিয়া দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত