দীর্ঘ প্রায় আড়াই বছর পর শুরু হতে যাওয়া ঢাকা-ব্যাংকক রুটে ‘টিকেট কিনলেই হোটেল ফ্রি’ এর আকর্ষণীয় অফার দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। পর্যটকদের ভ্রমণকে আকর্ষণীয় করতে ইউএস-বাংলা আগামী ১ সেপ্টেম্বর থেকে সোম ও বুধবার ছাড়া সপ্তাহে পাঁচ দিন ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। যাত্রা শুরুর প্রথম দিন থেকেই বাংলাদেশি পর্যটকদের ২টি টিকিট কিনলেই ২ রাত হোটেল ফ্রি অফারটি দিচ্ছে ইউএস-বাংলা।
ঢাকা-ব্যাংকক ফ্লাইটটি সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ব্যাংকক অবতরণ করবে। একই দিনদুপুর ২টা ৪০ মিনিটে ব্যাংকক থেকে উড্ডয়ন করে ঢাকায় বিকেল ৪টা ২০ মিনিটে পৌঁছাবে।
অফারটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। অফারের অন্তর্ভুক্ত হোটেলগুলোর মধ্যে ব্যাংককের অত্যন্ত জনপ্রিয় হোটেল ম্যানহাটন সুকুমভিত, অ্যাম্বাসেডর হোটেল, গ্র্যান্ড প্রেসিডেন্ট হোটেল রয়েছে। আকর্ষণীয় এ অফারটি ইউএস-বাংলা এয়ারলাইনস এর যেকোনো নিজস্ব সেলস কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।
প্যাকেজের ন্যূনতম খরচ জনপ্রতি ৩৩,০০০ টাকা। অফারটি প্রাপ্ত বয়স্ক দুজন পর্যটক এর জন্য প্রযোজ্য হবে। এ ছাড়া প্যাকেজে বুফে ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত রয়েছে। শর্তসাপেক্ষে অতিরিক্ত রাত ও বাচ্চাদের জন্য প্যাকেজটিতে সংযুক্ত করার সুযোগ রয়েছে।
প্যাকেজ ব্যতীত ঢাকা-ব্যাংকক রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৪,১৪০ টাকা এবং রিটার্ন ভাড়া ৩২,১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস সকল অভ্যন্তরীণ রুটসহ আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, চেন্নাই, মালে, গুয়াংজু, কুয়ালালামপুর, দোহা, শারজাহ, দুবাই, মাসকাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলা এয়ারলাইনস এর বিমানবহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০সহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।
