নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র শুরু হয়েছে: ভূমিমন্ত্রী

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৮:৪০ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, আগামী দেড় বছর ষড়যন্ত্রই দেখতে হবে। তাদের মূল অস্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম। তারা ইউটিউবকেই অপপ্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। দেশ-বিদেশে বসে সরকারবিরোধী নানা অপপ্রচার করছে। আমাদের বিভিন্ন বক্তব্য খণ্ডিতভাবে তুলে ধরে টুইস্ট করছে। তারা মানুষকে বিভ্রান্ত করে সুযোগ নিয়ে ক্ষমতায় আসতে চাইছে। এসব থেকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, যারা ১৯৭৫ সালে ষড়যন্ত্রের পেছনে ছিল তারা স্বাধীনতা মানেনি। তারা স্বপ্ন দেখেছিল দেশের স্বাধীনতা ধ্বংস করে পূর্বের জায়গায় ফেরত যাবে। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তারা প্রধানমন্ত্রীকেও ২১ আগস্ট হত্যা করতে চেয়েছিল। ওই সময় অনেক নেতাকর্মীকে হারিয়েছি। আরও অনেক নেতা পঙ্গু অবস্থায় আছেন। তারা এখনো স্বাধীনতার পক্ষে যেতে পারেনি। তারা এখনো বাংলাদেশকে পিছিয়ে দেয়ার স্বপ্ন দেখছেন। ক্ষমতায় কে আসবে, কে যাবে তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। যারা আগামী দিনে ক্ষমতায় আসতে চাইছে তাদেরকে বাংলার জনগণ এখনো ভোলেনি। তখন হাওয়া ভবন থেকে রাষ্ট্র পরিচালিত হত। হাওয়া ভবনের নাম ছিল ১০ পার্সেন্ট, ২০ পার্সেন্ট।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, শোককে শক্তিতে পরিণত করার যে প্রতিজ্ঞা, প্রত্যয়ের সাথে একাত্মতা প্রকাশ করতে এখানে এসেছি। বঙ্গবন্ধুকে শুধু হত্যা করা হয়নি, ইতিহাস থেকে মুছে দেয়ার চক্রান্ত করা হয়েছে। মৃতের চেয়ে অনেক বেশি শক্তিশালী বঙ্গবন্ধু। সেদিন আওয়ামী লীগের ঘোষণাপত্রে নাম থাকায় আওয়ামী লীগের সনদ বাতিল করতে চেয়েছিল জিয়া। বিশ্ব রাজনীতিতে মৃত রাজনীতিক হিসেবে বঙ্গবন্ধু মুজিবের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বঙ্গবন্ধু আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী একটি নাম। তাই স্লোগান হবে শোক হোক শক্তি, শেখ হাসিনায় মুক্তি।  

সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেছাসেবক লীগের সভাপতি মো. জোবাইরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মো. গালিব সাদলীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কেন্দ্রীয় স্ব্চ্ছোসেবক লীগের সহ-সভাপতি মো. ফারুক আমজাদ, ড. জমির উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় স্বেচ্ছাাসেবক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য উম্মে সালমা মুনমুন, রাহুল বড়ুয়া, তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত