রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি বাসা থেকে পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক বজলুর রশিদের স্ত্রী নীলা আক্তার আঁখির (৩৬) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। একই দিন বকশিবাজার এলাকার ফজলে রাব্বি হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয়ের (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার হয়।
উপ-পরিদর্শক বজলুর রশিদ বলেন, তিনি সকালে করোনা পরীক্ষার জন্য বাসা থেকে বের হন। পরে বাড়ির মালিক ফোন করলে তিনি বাসায় এসে দেখেন স্ত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তার স্ত্রী অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস সবসময় ২০-২৫ থাকত। তিনি কয়েকবার মস্তিষ্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হন।
তাদের সুখের সংসার ছিল জানিয়ে বজলুর রশিদ বলেন, ‘কী কারণে সে (নীলা) আত্মহত্যা করেছে তা বুঝতেই পারছি না। আমাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্ত্রীর বাড়ি পাবনার সুজানগর।’
খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নীলা আক্তারের মৃত্যুর কারণ জানা যাবে। আত্মহত্যা করে থাকলে কী কারণে করেছেন সেই রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে।
চকবাজার থানার উপ-পরিদর্শক ইব্রাহিম বলেন, বকশিবাজারে মারা যাওয়া ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করছেন তারা। তার পরিচয় শনাক্ত করা যায়নি।
