বৃহত্তম ইলেকট্রনিক্সের মার্কেট বন্ধ ঘোষণা

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১১:২২ পিএম

দেশ থেকে করোনা নির্মূলে চীনের সরকারের নেওয়া জিরো কভিড নীতির আওতায় এবার বন্ধ ঘোষণা করা হলো চীনের অন্যতম বাণিজ্যিক শহর শেনজেনের হুয়াকিয়াংবেই এলাকার ইলেকট্রনিক্স সামগ্রীর মার্কেট। এটি বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্সের মার্কেট হিসেবে পরিচিত। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াকিয়াংবেই এলাকায় কয়েকজন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় স্থানীয় কর্র্তৃপক্ষ। ব্যবসায়ীরা গতকাল সোমবার সকালে মার্কেটের প্রধান ফটকের সামনে একটি নোটিস দেখতে পান। সে নোটিসে বলা হয়েছে, হুয়াকিয়াংবেইয়ে কয়েকজন করোনা রোগী শনাক্ত হওয়ায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে মার্কেট।

এই সময়সীমার মধ্যে প্রত্যেক মার্কেটের প্রত্যেক ব্যবসায়ী ও কর্মচারীকে প্রতিদিন নিউক্লিইক অ্যাসিড টেস্ট (র‌্যাপিড টেস্ট) করতে হবে এবং মার্কেট খুলে দেওয়ার পর স্থানীয় প্রশাসনিক কর্র্তৃপক্ষের প্রতিনিধিদের সেই টেস্ট রিপোর্ট প্রদর্শন সাপেক্ষে মার্কেটে প্রবেশ করতে পারবেন ব্যবসায়ী ও কর্মচারীরা। নোটিসে আরও বলা হয়, আগামী বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতাল, সুপার মার্কেট ও রেস্তোরাঁ ব্যতীত হুয়াকিয়াংবেই এলাকার সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দপ্তর বন্ধ থাকবে। রেস্তোরাঁগুলোকে খাদ্য পরিবেশন বন্ধ রেখে কেবল ‘টেক অ্যাওয়ে’ সেবা চালু রাখতে বলা হয়েছে। কয়েক দিন আগেই দেশটির প্রধানমন্ত্রী লী কেকিয়াং শেনঝেন সফর করেন এবং শহরটির উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শেনজেন শহরের প্রশাসনিক সূত্রে জানা গেছে, গত আগস্টের মাঝামাঝি থেকে শনিবার পর্যন্ত হুয়াকিয়াংবেই মার্কেটের আশপাশের এলাকায় প্রায় ১১ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, আকস্মিক এই লকডাউনের ফলে ‘সাপ্লাই চেইন’ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে ইলেকট্রনিক্স পণ্যের বাণিজ্যে প্রায় ২০ শতাংশ আর্থিক ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাণিজ্য বিশ্লেষকরা।

বৃহত্তম এই বাজারটি বন্ধ থাকার ফলে অন্য দেশগুলোর ইলেকট্রনিক্স বাজারে কি প্রভাব পড়বে, সেবিষয়ে এখনও মুখে খোলেনি পেইচিং কর্র্তৃপক্ষ। এর আগেও দেখা যায়, কোনো একটি শহরে হাতে গোনা কয়েকজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর ওই শহরটিতেই লকডাউন ঘোষণা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত