কারা গুম করেছে দেশবাসীর পাশাপাশি বিশ্ববাসী তা জানে

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০২:০৫ পিএম

গুমের প্রতিবাদ এবং নিখোঁজ নেতা-কর্মীদের সন্ধান দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছেন বিএনপির নেতাকর্মীরা। 

কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকেই রাজধানীর ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে কার্যালয়ের সামনে জড়ো হন। হাজারো নেতা-কর্মী ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কের পাশে সারি বেঁধে দাঁড়িয়ে কর্মসূচিতে অংশ নেন। এ সময় সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী আলমসহ বিভিন্ন সময়ে নিখোঁজ নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তারা।

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশ নেন। এছাড়া বিভিন্ন সময়ে ‘নিখোঁজ’ হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও অংশ নেন মানববন্ধনে।

ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার পাশে এই মানববন্ধন হয়। 

মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আমরা শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে আমাদের গুম হওয়া নেতা-কর্মীদের সন্ধানের দাবি জানাচ্ছি। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট বাংলাদেশের গুম হওয়া ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অতি দ্রুত এই সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন।

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, যারা গুম হয়েছেন, তাদেরকে কারা গুম করেছে এটা দেশের জনগণ, বিশ্ববাসী এবং দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানে। সেইসব ঘটনার জন্য সরকারই দায়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত