সারের দাম বাড়ায় সরকারি কর্মকর্তার কোমরে দড়ি

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১১:১১ পিএম

সারের দাম বৃদ্ধির সঙ্গে বেড়েছে কৃষকের ক্ষোভ। ক্ষোভ মেটাতে কিনা সরকারি কর্মকর্তাকেই খুঁটির সঙ্গে বাঁধলেন কৃষকরা! মূলত সারের মজুদ এবং ‘কালোবাজারির’ কারণে ক্ষুব্ধ কৃষকরা ওই কর্মকর্তাকে দড়ি দিয়ে বেঁধে রাখেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ভারতের বিহার রাজ্যে ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সারের মজুদ ও ‘কালোবাজারির’ কারণে ক্ষুব্ধ কৃষকরা বিহারের মতিহারিতে একজন সরকারি কর্মকর্তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছেন বলে খবর পাওয়া গেছে। ওই কর্মকর্তার নাম নিতিন কুমার। তিনি বিহারের কৃষি বিভাগের একজন উপদেষ্টা এবং ‘কিষান সালাহকার’ হিসেবে কাজ করেন।

এদিকে নিতিন কুমারকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে ভুক্তভোগী ওই সরকারি কর্মকর্তাকে ফোনে কারও কাছে নিজের দুর্দশার কথা বর্ণনা করতে দেখা যায়। এনডিটিভি বলছে, কৃষকদের দাবি যে, তারা পর্যাপ্ত পরিমাণে সার পাচ্ছেন না এবং যে পরিমাণে পাওয়া যায় তার জন্য অনেক বেশি মূল্য দিতে হচ্ছে।

ভিডিও ভাইরালের পর এলাকার সার্কেল অফিসার ঘটনাস্থলে গিয়ে নিতিনকে ছেড়ে দিতে কৃষকদের রাজি করান এবং সরকারি মূল্যে সার হাতে পাওয়ার বিষয়ে তাদের আশ্বস্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত