করোনাভাইরাসে আক্রান্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৩১ আগস্ট) মাহাথিরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে মাহাথিরের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। পরে তাকে চিকিৎসকের পরামর্শে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের করোনাভাইরাসের টিকা নেওয়া আছে।
৯৭ বছর বয়সী এই রাজনীতিক হার্টের সমস্যা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি চলতি বছরের জানুয়ারির শেষের দিকে হাসপাতাল থেকে ছাড়া পান।
মালয়েশিয়ার দুইবারের প্রধানমন্ত্রী মাহাথির রাজনৈতিক অঙ্গনে একজন প্রভাবশালী ব্যক্তি। ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে ৯২ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী হিসেবে আবার প্রধানমন্ত্রী হন তিনি। একসময় যে দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি, সেই দলের বিরুদ্ধে গড়া জোটের নেতৃত্ব দিয়ে জাতীয় নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছিলেন তিনি। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তিনি পদত্যাগ করলে সরকার ভেঙে যায়।
