শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০২:২৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শরিফুল ইসলাম ভদু (৩৩) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে অবৈধভাবে ভারত থেকে গরু আনার সময় এ ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪ থেকে ৫ জন। 

নিহত ভদু উপজেলার মনাকষা মুন্সিপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনাকষা ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে শরিফুল ইসলাম ও একই এলাকার শহীদুল ইসলাম ও বাবুসহ ৪/৫ জন অবৈধভাবে শিংনগর সীমান্তের পদ্মা নদীর সংলগ্ন ছেলেখাকি এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। এসময় ভারতের দৌলতপুর ক্যাম্পের জোয়ানরা গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। 

ইউপি সদস্য সেরাজুল ইসলাম বলেন, শরিফুলসহ আরও দুজন গুলিবিদ্ধ হয়। এরমধ্যে শরিফুল নিহত হয়েছে, তবে তার মরদেহের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে, শরিফুলের পিতা তাজুল ইসলাম বলেন, সীমান্তের ১৭২ নম্বর পিলারের কাছে শরিফুলের মরদেহ পরে আছে বলে খবর পেয়েছি। আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করে। ক’দিন আগে ঢাকা থেকে রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরেছে। গতরাতে করা সঙ্গে গেছে, কেন গেছে তা বলতে পারিছিনা। 

শরিফুলের স্ত্রী রেখা বেগম বলেন, গভীর রাতে বাড়ি থেকে বের হয়। কার সঙ্গে গেছে বলতে পারবোনা। শুনছি বিএসএফের গুলিতে মারা গেছে। আমি আমার স্বামীর মরদেহ ফেরত চাই।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন জানান, সীমান্তে একজন নিহত হওয়ার কথা আমরা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত