ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কারও কোনও প্রশ্ন থাকলে সংবাদ সম্মেলনে চ্যালেঞ্জ না ছুড়ে সামনাসামনি (নির্বাচন কমিশন) কথা বলার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রি. জে (অব.) আহসান হাবিব খান।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাম্প্রতিক সংবাদ সম্মেলনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইভিএমে কারচুপি নিয়ে চ্যালেঞ্জ যদি করতেই হয় সংবাদ সম্মেলনে কেন? আমাদের কাছে এসে চ্যালেঞ্জ করতে অসুবিধা কী?
বুধবার (৩১ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে, গত ২৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম বলেন, ইভিএমের অডিট কার্ড পরিবর্তন করে ভোটের ফলাফল পাল্টে দেওয়া সম্ভব। এছাড়া আঙুলের ছাপ না মিললে ভোটগ্রহণ কর্মকর্তার আঙুলের ছাপ দিয়ে ওভাররাইট করে ব্যালট ইউনিট ওপেন করার বিষয়টি নিয়েও প্রশ্ন থেকে যায়।
সাংবাদিকরা এমন অভিযোগের বিষয়ে বললে প্রতিক্রিয়ায় ইসি আহসান হাবিব বলেন, আমরা ইভিএম নিয়ে জাতীয় টেকনিক্যাল কমিটি, রাজনৈতিক দলের টেকনিক্যাল কমিটির সঙ্গে বসেছি। তাদেরও ডেকেছি। তারা কিন্তু আসেননি। আমরা পাঁচ মাস ধরে সময় দিয়েছি। কেন হঠাৎ করে এ সংবাদ সম্মেলন, উদ্দেশ্যটা কী?
তিনি বলেন, আমাদের দরজা সব সময় তাদের জন্য খোলা। তারা একদিন না দশদিন আসবে, ভীতি কোথায়? চ্যালেঞ্জ যদি করতেই হয়, সংবাদ সম্মেলনে কেন, আমাদের এখানে এসে চ্যালেঞ্জ করুক। তারা আমাদের চেয়ে অনেক শিক্ষিত, অনেক বড়। কাজেই আমাদের এখানে এসে চ্যালেঞ্জ করতে অসুবিধা কী?
তিনি আরও বলেন, আমার এতো নির্বাচন করলাম। কয়জন মারা গেছে? কয়টা জায়গায় অরাজকতা হয়েছে? অনিয়ম হলে সেটা তুলে ধরেন— অসুবিধা নাই। অসততা, অসচ্ছতা, পক্ষপাতিত্ব যদি চোখে পড়ে, প্লিজ লেট মি নো। আমাকে জানান, তার প্রতিকার— জবাব দিয়ে তৃপ্ত করে ছাড়বো। কাজ করতে গেলে ভুল হতে পারে। তবে দেখবেন ইচ্ছাকৃত ভুল হলো কি-না।
ইসি হাবিব বলেন, ইভিএমের ওপর জনগণের আস্থা অবশ্যই আসবে।তবে, হ্যা দলগুলোর যে অনাস্থা এটা অতীতের অভিজ্ঞতা থেকে আসতে পারে। অতীত থেকে আমরা শিক্ষা নেবো। কিন্তু ভবিষ্যৎ সুন্দর হবে, এটা গ্যারেন্টেড। আপনারাও বুঝতে পারবেন। সামনের সিটি, গাইবান্ধার উপ-নির্বাচনসহ যেখানে ইভিএম হবে সেখানেই ভোটাররা বলবে ইভিএমই ভালো। আমরা ইমানের সঙ্গে কাজ করে যাবো। সঠিক কাজ করে যাবো। ক্ষমা চাইবো না। ভুল করলে শুধরে নেবো।
তিনি বলেন, ইভিএমে অনেক সময় আঙুলের ছাপ না মিললেও যখন নম্বরটা দেওয়া হয়, তখন কিন্তু ভোটারের পরিচয় মেলে। আঙুলের ছাপ না মিললে ওভাররাইট করলে সেটা কিন্তু সংরক্ষিত থাকছে। আমরা অনেক সময় সেটা নিয়ে ভিডিও কলে কথা বলি। নির্বাচনে প্রযুক্তি নিয়ে আমাদের চলতে হবে। বিকাশ, রকেট, ইউপে, নগদ; জুম অ্যাপ বিশ্বব্যাপী চলছে। কারও যদি কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে- আমাদের কাছে আসেন, দেখেন। প্রতিটি পর্বে আমরা ইভিএম দেখার ব্যবস্থা করেছি, তাদের থাকতে বলেছি।
রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে আহসান হাবিব খান বলেন, দেখেন ভালো-মন্দ সব জায়গায় আছে। যারা সততার সঙ্গে কাজ করবে তাদেরকে আমরা রিটার্নিং কর্মকর্তা হিসেবে নেওয়ার চেষ্টা করবো। অন্যান্য ক্যাডারের কর্মকর্তাও থাকবেন। সততার সঙ্গে, ইমানের সঙ্গে কাজ করেন, এমন কর্মকর্তাদের যাচাই-বাছাই করেই আমরা সিদ্ধান্ত নেবো।
