নেত্রকোনায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৩৫(ভিডিও)

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৩:২০ পিএম

নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েলসহ বিএনপির ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন।

স্থানীয় এলাকাবাসী, বিএনপির নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা বিএনপি বৃহস্পতিবার সকাল ১০টায় ছোট বাজারে দলীয় কার্যালয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভায় আয়োজন করে।

সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন।

একপর্যায়ে দলীয় কার্যালয় ছাড়িয়ে আশপাশের রাস্তা বিএনপি নেতাকর্মীদের পদচারণায় লোকারণ্য হয়ে পড়ে।

এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে হওয়ার উপক্রম হয়। পুলিশ বিএনপির নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দলীয় কার্যালয়ে ভেতরে যাওয়ার নির্দেশ দেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপর লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে পুলিশসহ বিএনপির ৩৫ নেতাকর্মী আহত হন।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক  অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশ বিনা উসকানিতে দলীয় নেতাকর্মীদের উপর নির্বিচারে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এতে ১২ জন রাবার বুলেট বিদ্ধসহ ২৫ জন নেতাকর্মী আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল বলেন, বিএনপির নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে স্লোগান দিচ্ছিল। রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলের স্বার্থে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলি। বিএনপির নেতাকর্মীরা রাস্তা না ছাড়ায় তাদের উপর মৃদু লাঠিচার্জ করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়ে।

বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইট পাটকেলে ১০/১২ জন পুলিশ সদস্য আহত হন। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে বিএনপির ১৩ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

কতগুলো টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণনা করে পরে জানানো যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত