বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ও নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে দলটির আয়োজিত কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চের এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বেপরোয়া হয়ে উঠেছে সরকার। নারায়ণগঞ্জ-নেত্রকোনায় পুলিশ মিছিলে হামলা ও গুলি করেছে। নারায়ণগঞ্জে পুলিশ গুলি করে ছাত্র ও যুবদলের দুজনকে হত্যা করেছে। পুলিশের গুলিতে আহত হয়েছে শতাধিক মানুষ। নেত্রকোনায় বিএনপির কর্মসূচিতে পুলিশের হামলায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এ দেশের ইতিহাসে মিছিলে গুলি করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি।
এসব ঘটনার তদন্ত এবং দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, এসব ঘটনা সরকারের ক্ষমতা হারানোর ভয়ে তটস্থ অবস্থা প্রকাশ করছে। বর্তমান ‘ফ্যাসিবাদী-কর্তৃত্ববাদী’ সরকারের দমন-পীড়ন-হত্যা সত্ত্বেও মানুষের মধ্যে অভাবনীয় জাগরণ তৈরি হচ্ছে।
বিবৃতিতে সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, জনগণকে হত্যা করে কেউ পার পাবে না। বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান আসন্ন। সরকার যতই রক্তের হোলি খেলা খেলুক, জনগণের সংগ্রাম বিজয়ী হবেই।
গণতন্ত্র মঞ্চ বলছে, সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সারা দেশে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে। দীর্ঘ সময় ধরে অসংখ্য রাজনৈতিক কর্মীকে হত্যা-গুম-নির্যাতন করে তারা ভয়ের সংস্কৃতিকে পাকাপোক্ত করেছে। এখন রাজপথে জনতার মিছিলে পুলিশকে ব্যবহার করে মানুষকে হত্যা করছে তারা।
