সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৪ পিএম

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুর হোসেন মাইকেল (৩৬) নামে উপজেলা সদর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

আগের দিন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় তিনি গুরুতর আহত হন।

তিনি উপজেলার মুরাদপুর ইউনিয়নের মাঝি বাড়ির নুরের ছাপার ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুর নাহার রিনা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, গতকাল সকাল দশটার দিকে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল উপজেলা-সদর প্রাথমিক বিদ্যালয় যাচ্ছিলেন মনজুর হোসেন মাইকেল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেট পার হয়ে ওয়াপদা গেট নামক স্থানের কাছাকাছি আসলে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।

এ সময় সড়কের উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে  আসছিলেন তিনি। ধাক্কা লাগা গাড়িটি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়ি বলে জানা যায়। তিনিই আহত শিক্ষককে উদ্ধার করে চট্টগ্রামের বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

কর্মজীবনের শুরুতে তিনি মুরাদপুর ইউনিয়নের রহমত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে পাঁচ বছর শিক্ষকতা করেন।

এরপর ২০১৯ সালে উপজেলা সদর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত