গুম-খুন-হত্যা হবে জেনেই মাঠে নেমেছি: ইশরাক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১০:১০ পিএম

গণতন্ত্র ফিরে আনতে দরকার হলে আবার মুক্তিযুদ্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

নারায়ণগঞ্জে যুবদল কর্মী নিহতের প্রতিবাদে শনিবার (৩ সেপ্টেম্বর) আয়োজিত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

সরকারের পক্ষ থেকে এ ধরণের গুম-খুন-হত্যা করা হবে জেনেই আমরা মাঠে নেমেছি উল্লেখ করে তিনি বলেন, 'যত গুম-খুন-মামলা হামলা হোক না কেন এবার আর আর পিছু হটব না।'

শোকের মাস আগস্টে সারা দেশের মানুষ শোক পালন করা নিয়ে আওয়ামী লীগকে প্রশ্ন ছুড়ে ইশরাক হোসেন বলেন, 'তাদের কষ্টই শুধু কষ্ট, আর আমাদের কষ্ট কষ্ট নয়?'

তিনি বলেন, 'ওদের লোক মারা গেলে সারা মাস আমরা শোক পালন করবো কিন্তু আমাদের নেতাকর্মীদের যে পাখির মতো হত্যা করা হচ্ছে সেটার জবাব কি দিবেন? সে কি বাংলাদেশের নাগরিক নয়? সে কি জনগণ না? তার কি প্রতিবাদ করার অধিকার নাই?'

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মীর নিহত হওয়ার পর সে আসলেই যুবদলের কর্মী কি না আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যেরও কড়া সমালোচনা করেন ইশরাক হোসেন।

তিনি বলেন, 'তারা রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে নিহত শাওনের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তুলছে এখন।

এসময় তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, 'দরকার হলে আরেকটা মুক্তিযুদ্ধ করে এই সরকারকে অবৈধ ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করা হবে।'

পাশাপাশি, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনারও প্রত্যয় ব্যক্ত করেন ইশরাক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত