জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার আব্দুল মজিদ চৌধুরী শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর কাপ্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক তিনজন হলেন- উৎসব, হোসেন ও জীবন। আটককৃতদের মধ্যে উৎসব নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতা সাব্বিরের অনুসারী বলে দাবি করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন।ওয়ারী থানাধীন কাপ্তান বাজারের রওশন হোটেলের সামনে পৌঁছলে ৮ থেকে ১০ জন মাদকাসক্ত কিশোর কিছু না বলেই তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ভুক্তভোগী নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে তারা আরও ক্ষিপ্ত হয়ে শরীরে আঘাত করেন। পরবর্তীতে ভুক্তভোগী ৯৯৯ এ ফোন দিলে ওয়ারী থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে উপপরিদর্শক সৌরভ শাহা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় একটা অভিযোগ দায়ের হয়েছে। সে ৯৯৯ ফোন দিলে আমরা তাকে উদ্ধার করি। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে আমি জেনেছি।ওয়ারী থানাকে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
