শাওন নিহত: পুলিশ সুপারসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৫২ এএম

নারায়ণগঞ্জে ‘যুবদল কর্মী’ শাওন নিহতের ঘটনায় পুলিশ সুপারসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (৪ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে এই মামলার আবেদন করেন তিনি।

এ মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলকে। সেইসঙ্গে প্রধান আসামি করা হয়েছে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে।এছাড়া অন্যান্য আসামি হিসেবে রয়েছেন, মো. শাহরুল আলম, মো. সোহাগ, ফেরদৌস দেওয়ান, শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন। তিনি বলেন, আপনারা সকলেই দেখেছেন নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশ-আওয়ামী লীগ কিভাবে অতর্কিতভাবে পেছন থেকে হামলা করেছে। মাহফুজুর রহমান কনক চাইনিজ রাইফেল দিয়ে গুলিবর্ষণ করেছে। কিন্তু তার নামে পিস্তল বরাদ্দ ছিল।

তিনি আরও বলেন, পুলিশ ও আওয়ামী লীগ একাকার হয়ে হত্যাযজ্ঞে অবতীর্ণ হয়ে মরদেহ উপহার দিয়েছে। আমাদের শাওন নামে যুবদল কর্মী নিহত হয়েছে। পুলিশের এই সন্ত্রাসীমূলক কার্যক্রমের প্রতিবাদে আমরা মামলার আবেদন করেছি। আশা করি আদালত মামলা গ্রহণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত