জাতীয় পার্টি নিয়ে আর কেউ খেলতে পারবে না : চুন্নু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৫ এএম

আগামী জাতীয় নির্বাচন কারও জন্যই সহজ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘যেনতেন নির্বাচন করে কেউ আর পার পাবে না। আমরা ৩০০ আসনেই নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছি। ত্রিমুখী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে সকলকে। আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতার দ্বন্দ্বে সহিংসতা শুরু করেছে। দেশের মানুষ সহিংস রাজনীতি পছন্দ করে না।’

গতকাল রবিবার বিকেলে জাপার সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

চুন্নু বলেন, আগামী নির্বাচন অনেকের জন্যই অস্তিত্বের প্রশ্ন হয়ে দেখা দেবে। যারা পরাজিত হবে তারা ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তাই তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টি নিয়ে আর কেউ খেলতে পারবে না। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।

সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এস এম মান্নান, মাহমুদুল ইসলাম চৌধুরী, সুনীল শুভরায়, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা একেএম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত