ক্যারম বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০২:১৩ পিএম

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে অষ্টম ক্যারম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত হচ্ছে ৯ সদস্যের বাংলাদেশ দল। দেশটির লঙ্কাউই শহরে হবে ক্যারমের মর্যাদার এই আসর।

বাংলাদেশের ৮ জন খেলোয়াড়ের পাশাপাশি থাকবেন ১ জন কর্মকর্তা। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। তিনি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।

৪ জন ছেলে ও ৪ জন মেয়ে টুর্নামেন্টে অংশ নিলেও আপাতত ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন ১০ খেলোয়াড়। তারা হচ্ছেন- হেমায়েত মোল্লা, হাফিজুর রহমান, আলী রবিন, আবদুল খালেক, হাসান, আফসানা নাসরিন, ফারাজানা বানু, শামসুন্নাহার মাকসুদা, সাবিনা আক্তার ও আইনুন নিশাত।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেছেন, ‘এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নিশ হওয়ার কথা ছিল ২০২০ সালে। করোনার কারণে পিছিয়ে ২০২১ সালে নেওয়া হয়েছিল। তাও হয়নি, এখন এ বছর হচ্ছে। আমরা ৫০ জন খেলোয়াড় নিয়ে সিলেকশন ক্যাম্প করেছিলাম। সেখান থেকে জাতীয় দল গঠন করা হয়েছে। খেলোয়াড়রা এখন ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। যাওয়ার আগে এক সঙ্গে ক্যাম্প আয়োজন করা হবে।’

৩ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টটি শেষ হবে ৭ অক্টোবর। সবশেষ ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের পুনেতে ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশন কাপে সর্বশেষ খেলেছিল বাংলাদেশ। এরপর আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয়নি লাল সবুজরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত