সুন্দরবনে জলদস্যুদের তৎপরতার বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত ছবি 'অপারেশন সুন্দরবন' আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। এই মুহূর্তে সবাই ব্যস্ত ছবিটির প্রচার-প্রচারণার কাজে।
এ মাসের ৩ তারিখ প্রকাশ পেল ছবিটির প্রথম গান 'এ মন ভিজে যায়'। 'অপারশেন সুন্দরবন'-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি। গানটির গীতিকার গোধূলি শর্মা আর কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। সুর ও সংগীত পরিচালনায় অম্লান চক্রবর্তী আর সংগীতায়োজনে ছিলেন বব এস এন ও ইমন চৌধুরী।
ছবিটির পরিচালক দীপংকর দীপন জানান, সুন্দরবনে র্যাবের বিভিন্ন অভিযানের ছবি উঠে আসবে ছবিটিতে। সেই সঙ্গে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যও তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে 'অপারেশন সুন্দরবন' ছবিটির প্রযোজনা সমন্বয়কারী র্যাবের মিডিয়া কর্মকর্তা মেজর রাইসুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, এটা মূলত বৃষ্টির গান। বৃষ্টির সময় একা একজন তার প্রিয় মানুষকে মিস করবেন। আর প্রিয় মানুষ কাছে না থাকার এই আকুতিকেই গানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আশা করি এই সুন্দর গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।
ঠিক একই কথা বললেন গানটির গায়ক বাপ্পা মজুমদার। 'গানটিতে একটি শুদ্ধতার জায়গা আছে' মন্তব্য করে তিনি বলেন, 'আমরা কাছে গানটা গাইতে বেশ আরাম লেগেছে। খুব চমৎকার একটি গান। নিজে গেয়েছি বলে বলছি না। একটা শ্রুতিমধুরতা আছে। গানটিতে যারা কাজ করেছেন তারা আমার খুব কাছের মানুষ্ আমি খুব আপ্লুত হয়েছি যখন দীপংকর দা আমাকে বললেন, গানটি গাইতে হবে। আমার ভালো লেগেছে।'
তিনি আরো বলেন, এই ছবিতে আমার আরো একটি গান আছে। ওটা একটা স্পিরিটের গান। শিরোনাটিও তেমনই। 'রক্তের শেষ বিন্দু বাজি'। গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। আর সুর-সংগীত আমার। গানটিতে এই প্রথম আমি, পার্থ দা (পার্থ বড়ুয়া) আর পান্থকানাই এক সাথে কণ্ঠ দিচ্ছি। এর আগে কোনো ফিল্মের গানে আমরা এক সাথে কষ্ঠ দিইনি। আশা করি ওই গানটিও ভালো লাগবে।'
শেষে তিনি সবাইকে আগামী ২৩ সেপ্টেম্বর হলে গিয়ে 'অপারেশন সুন্দরবন' দেখার আহ্বান জানান।
র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত 'অপারেশন সুন্দরবন' ছবিটির টিজার ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল। চলতি বছরের ২৯ জুলাই মুক্তি পায় ট্রেলার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রিয়াজ আহমেদ, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, তাসকিন রহমানসহ বেশ কজন র্যাব সদস্য।
