নগর মাতৃসদন ও স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:২৯ এএম

তৃণমূল পর্যায়ে নাগরিক স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লীতে একটি নগর মাতৃসদন এবং সানকিপাড়া, জামতলা, শম্ভুগঞ্জ ও খাগডহরে স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার (ইউপিএইচসিডিপি) সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ২য় পর্যায় প্রকল্পের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর উদ্বোধন করা হয়। স্বাস্থ্যকেন্দ্রগুলো পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালনায় এ প্রকল্পের আওতায় বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি করপোরেশন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কেন্দ্রগুলো।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহ আলম, প্রকল্পের পরিচালক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত