নাটোরের বড়াইগ্রামে দুই গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার বিকেলে উপজেলার জোনাইল ইউনিয়নের বোর্ণি গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- বোর্ণি গ্রামের মহসিন আলী প্রামাণিকের স্ত্রী এলিনা বেগম (৩০) ও আজহার আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫৫)।
জোনাইল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী জানান, এলিনা খাতুনের বাড়ির পাশে কুমড়া মাচা রয়েছে। মাচার উপর দিয়ে বাড়ি থেকে বৈদ্যুতিক তারে পাশের ধানের জমিতে সেচ দেয়ার মোটর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
বৃষ্টি ও বাতাসের কারণে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার মাচার জিআই তারের সঙ্গে লেগে পুরো মাচা বিদ্যুতায়িত হয়ে যায়। সোমবার বিকেলে এলিনা খাতুন মাচা থেকে কুমড়া তুলতে গেলে জিআই তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন।
দেখতে পেয়ে অপর গৃহবধূ মনোয়ারা খাতুন তাকে উদ্ধারে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাদের দু’জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
