শ্রীলংকার ফাইনালে ওঠার মিশন, ভারতের টিকে থাকার লড়াই

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৪ পিএম

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলংকা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮ টায় খেলতে নামবে দুই। নিজেদের প্রথম ম্যাচ জিতে এই পর্ব শুরু করা লংকানদের সামনে সুযোগ ফাইনাল নিশ্চিতের। কোহল-ভুবনেশ্বরদের হারালেই ফাইনালে যাবে তারা। অন্যদিকে ভারতের সামনে এই খেলা টিকে থাকার লড়াই।

ভারতের এশিয়া কাপটা শুরু হয়েছিল দুর্দান্ত। পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয়, পরের ম্যাচে হংকংকেও হারানো। তাতে অপরাজিত থেকেই নিশ্চিত হয় সুপার ফোর। কিন্তু সেরা চারে এসে প্রথম ম্যাচেই হোচট খেয়েছে দলটি। পাকিস্তানের বিপক্ষে ফের মুখোমুখি হলেও আর জেত হয়নি। যে হারে দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের।

শ্রীলংকার বিপক্ষে আজ মাঠে নামার আগে তাই একটু জটিল সমীকরণেরে হিসাব কষতেই হচ্ছে রোহিতদের। টানা দুই ম্যাচ হারলেই বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করবে। পাকিস্তানের বিপক্ষে হারের পর তাই শ্রীলংকার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নদের।  

এই ম্যাচে হারলে কার্যত বিদায় নিশ্চিত হয়ে যাবে ভারতের। একটাই সম্ভাবনা থাকবে, যদি অন্য দলগুলোকে রানরেটে পেছনে ফেলতে পারে। তবে সেটার জন্য তো তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে। ভারত নিশ্চয়ই চাইবে না, এমন বিপদের মুখে নিজেদের ফেলতে।

শ্রীলংকা এবারের এশিয়া কাপ টুর্নামেন্টটি শুরু করেছিল যাচ্ছেতাইভাবে। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল লঙ্কানরা। তবে এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় দাসুন শানাকার দল। বাংলাদেশের বিপক্ষে ১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করে বাঁচামরার লড়াই জেতে। সুপার ফোরে এসে আফগানিস্তানের ১৭৬ রানের লক্ষ্যও টপকে যায় সহজে।

অন্যদিকে গ্রুপপর্বে পাকিস্তান আর হংকংকে হারালেও সুপার ফোরে এসে প্রথম ম্যাচেই ধাক্কা খায় ভারত। রুদ্ধশ্বাস লড়াইয়ে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারে ৫ উইকেটে আর ১ বল বাকি থাকতে।

বাঁচামরার লড়াইয়ে তাই চাপে ভারতই। শ্রীলঙ্কা বরং প্রথম ম্যাচ জেতায় থাকবে উজ্জীবিত। মাত্র একটি হারই শেষ করে দিতে পারে এশিয়া কাপে সর্বাধিক চ্যাম্পিয়ন হওয়া ভারতের মিশন। সেই চ্যালেঞ্জ উৎড়ে ওঠার মিশন আজ রোহিত শর্মাদের সামনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত