পরনে বোরখা, হাতে তলোয়ার। কীভাবে শিরশ্ছেদ করতে হয়, তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তরুণীদের। পাকিস্তানের লাল মসজিদে তরুণীদের মুণ্ডচ্ছেদ করার প্রশিক্ষণ দেওয়ার এমনই এক ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে।
ইসলামের নবীর অসম্মান করলেই তার শিরশ্ছেদ করা হবে। এ বার্তা দিয়েই তরুণীদের তলোয়ারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাকিস্তানের ওই মসজিদে তরুণীদের প্রশিক্ষণের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। ভিডিওটি ইউটিউবেও পোস্ট করা হয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে, মসজিদের মধ্যে বোরখা পরিহিত এক শিক্ষক গোলাপি রঙের বোরখা পরা তরুণীদের তলোয়ারের প্রশিক্ষণ দিচ্ছেন। কীভাবে শিরশ্ছেদ করতে হয়, সে ব্যাপারে তরুণীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ পর্বে তলোয়ার হাতে তরুণীদের স্লোগান দিতেও দেখা গিয়েছে।
ভিডিওতে দেখা গেছে, ইসলামের নবীর অপমান হলে একটাই শাস্তি, সেটা হল শিরশ্ছেদ। এমনটাই শেখানো হচ্ছে তরুণীদের। এ ধরনের প্রশিক্ষণ দেখে আঁতকে উঠেছে বিভিন্ন মহল। পাকিস্তানের বিশ্লেষক আমিনা বেগম আনসারি বলেছেন, ‘আমাদের সমাজ থেকে এ ধরনের প্রশিক্ষণ বন্ধ করতে হবে।’
আমিনার আশঙ্কা, এ সব দেখে পরের প্রজন্ম জঘন্য অপরাধ ঘটাতে পারে। তাই অবিলম্বে এই ধরনের প্রশিক্ষণ বন্ধ করা হোক।
