নরসিংদী জেলা আওয়ামী লীগে পদ বিক্রির খবরে এমপির হুঁশিয়ারি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০:১৫ পিএম

আগামী ১৭ সেপ্টেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনে টাকার বিনিময়ে সভাপতি ও সাধারণ সম্পাদক বিক্রির খবরে ক্ষোভ জানিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

তিনি বলেন, আমরা রায়পুরার লোক আমরা কাউকে ভয় পাই না। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমার আস্থা আছে, কিন্তু তারপরও আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা আসবেন-বসবেন, আপনাদের খাতির-যত্ন করা হবে। তারপরও যদি ভুল সিদ্ধান্ত দেন, তাহলে কেউ ফিরে যেতে পারবেন না।

বুধবার দুপুরে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে রায়পুরা উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

রায়পুরা উপজেলা রাজিউদ্দিন আহম্মেদ রাজু অডিটোরিয়াম মাঠে অনুষ্ঠিত কর্মিসভায় তিনি বলেন, বন্দুকের নল ক্ষমতার উৎস নয়। জনগণের শক্তি হচ্ছে ক্ষমতার মূল উৎস। আওয়ামী লীগ ও শেখ হাসিনার মূল শক্তি হচ্ছে এই জনগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশটিকে সুন্দর সুষ্ঠু রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনব এবং সোনার বাংলা গড়ে তুলব।

নরসিংদী জেলা আওয়ামী লীগের কোন্দল ও বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ষড়যন্ত্রের জাল বিচ্ছিন্ন করে দেবেন। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাক দেশ। আমরা কাউকে ভয় পাই না। আপনারা যদি মনে করে থাকেন স্টেডিয়াম দখল করবেন, তাহলে আমরা সাত দিন আগে দখল করে রাখব। আমরা রায়পুরার লোক। আমরা কাউকে ভয় পাই না। আমরা যখন যাব, তখন জয় ছিনিয়ে আনব ইনশা আল্লাহ।

অনুষ্ঠানে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. ইউনুস আলী ভূঁইয়ার সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্নেল (অব.) বীর প্রতীক মো. নজরুল ইসলাম, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সদস্য মমতাজ উদ্দিন ভূঁইয়া, রায়পুরা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল আলম শাহীন, রায়পুরা পৌর মেয়র মো. জামাল মোল্লা, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লায়লা কানিজ লাকি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিলন মাস্টার, সাধারণ সম্পাদক আলমগীর কবীর সরকার, রায়পুরা উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভূঁইয়া মাসুদ, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হক রিমন, সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন প্রমুখ।

নরসিংদী জেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের কোন্দলরে ফলে বিভক্ত হয়ে পড়েছে জেলার রাজনীতি। তাই জেলাজুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। দলীয় নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন ও প্রচার রয়েছে দলীয় পদ ভাগাতে অর্থ-বিত্ত আর উপঢৌকন দেওয়ার প্রতিযোগিতার পাশাপাশি চালাচ্ছে লবিং তদবির।

এ প্রসঙ্গে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজুর দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত