বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার এবং ভারতীয় সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে দিল্লি এক অভিজাত এলাকায় সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক ভোরের পাতা এবং দ্য পিপলস টাইমস এর সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, কেন্দ্রী শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতেজা হাসান।
এ প্রসঙ্গে ড. এরতেজা হাসান বলেন, শ্রিংলার সঙ্গে আমার পুরোনো বন্ধুত্ব এবং খুব কাছের একজন শুভানুধ্যায়ী। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে।
এরতেজা হাসান আরো বলেন, বাংলাদেশ সরকারের গৃহীত এবং সম্পাদিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রকল্পের বিস্তারিত আমি ওনাকে তুলে ধরি। তিনি এ সব কর্মকাণ্ডে ভারতের সহযোগিতা এবং সহায়তা নিয়ে এগিয়ে আসার ইচ্ছা ব্যক্ত করেন। বাংলাদেশ–ভারত যৌথ প্রকল্পে পারস্পরিক সাহায্য কীভাবে আরো বৃদ্ধি করা যায় এ ব্যাপারে বিভিন্ন দিক-নির্দেশনা বিষয়ে আলোকপাত করেন। এ ছাড়া বাংলাদেশের যেকোনো উন্নয়ন প্রকল্প এবং কর্মকাণ্ডে ভারতের বিভিন্ন সেক্টরের সহায়তার ব্যাপারে সর্বাত্মক আশ্বাস দেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এবং দূরদর্শী পরিকল্পনায় বাংলাদেশ কীভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তা তিনি সামনে থেকে দেখেছেন, তিনি তার ভূয়সী প্রশংসা করেন।
এরতেজা হাসান বলেন, শ্রিংলা আমার জন্মভূমি সাতক্ষীরার উন্নয়ন এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। তিনি সাতক্ষীরাবাসীর প্রতি তার শুভকামনা জ্ঞাপন করেন। তিনি বর্তমানে জি২০ সেক্রেটারিয়েটের প্রধান সমন্বয়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। যা ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবসহ বিশ্বের ১৯ শক্তিধর দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সমন্বয়ে গঠিত আন্তঃসরকার বিষয়ক বিশ্ব ফোরাম। বাংলাদেশের সরকার কর্তৃক সুশাসন ব্যবস্থা নিশ্চিত করতে জি-২০ এর সব প্রকার সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন তিনি। বাংলাদেশ এবং বাঙালির একজন সত্যিকারের অকৃত্রিম বন্ধু হিসেবে হর্ষবর্ধন শ্রিংলার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
