জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন। গতকাল বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের রাজধানীর উত্তরার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জিএম কাদের জানান, বৈঠকে বন্ধুপ্রতিম দুই দেশের পারস্পরিক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন এ সময় বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও বন্ধুভাবাপন্ন মনোভাবের ভূয়সী প্রশংসা করেন। এ সময় জিএম কাদের আশা প্রকাশ করে বলেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিশ্বস্ত বন্ধুত্ব আরও জোরালো হবে।
বৈঠকে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের এমপি এবং জাপা চেয়ারম্যানের আরেক উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
