মোহাম্মদপুরে বখাটেদের মারধরে নির্মাণশ্রমিকের মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:২২ এএম

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বখাটেদের মারধরের শিকার এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম বাবু (২৮)। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ভোলার বোরহান উদ্দিন উপজেলার ঝিটকা গ্রামের মৃত শরবত আলীর ছেলে বাবু। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সবাই গ্রামে থাকে। ঢাকা উদ্যান ৫ নম্বর রোডের সি-ব্লকের একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি।

বাবুর বন্ধু মো. ইয়াসিন হাওলাদার জানান, গত বুধবার দুপুরে তাদের বন্ধু সাগর ও তসলিম ঢাকা উদ্যানসংলগ্ন তুরাগ নদের পাড়ে ঘুরতে যায়। তখন স্থানীয় বখাটে নয়ন, বাবু-২, রাসেল, রুবেল ও ফালান মারধর করে তাদের মানিব্যাগ ও মোবাইল ফোনসেট হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে বাবু সেখানে গিয়ে বন্ধুদের ছাড়িয়ে আনার চেষ্টা করে। এ সময় নয়ন বাবুর তলপেটে লাথি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। বন্ধু ও সহকর্মীরা মিলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে ঢামেকে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পর কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা বাবুকে ছেড়ে দেন। গতকাল দুপুরে ফের অসুস্থ হয়ে পড়লে ঢামেকে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনা তদন্তের জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত