সম্প্রতি নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। দেশটির এই অবস্থানের নিন্দা জানিয়েছে ফ্রান্স। এই তৎপরতাকে বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকি বলে বিবৃতি দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত শুক্রবার দেওয়া এক বিবৃতিতে ফ্রান্স বলছে, উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।
ওই বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান আক্রমণাত্মক পদক্ষেপকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছে ফ্রান্স। পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপ কার্যকরভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার সম্ভাবনাকে দূরে ঠেলে দেবে। কারণ দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, পারমাণবিক রাষ্ট্র হিসেবে তার দেশের মর্যাদা এখন ‘অপরিবর্তনীয়’। পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো ধরনের আলোচনার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন কিম জং উন। কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছয়বার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়ম না মেনে দেশটি পারমাণবিক সক্ষতার চেষ্টা চালিয়ে আসছে। ২০১৯ সালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও চালায় দেশটি।
