পাবনায় আ.লীগ নেতা সাইদার হত্যায় মামলা, গ্রেপ্তার নেই

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০১:২৯ এএম

পাবনা পৌর শাখা আওয়ামী লীগ নেতা সাইদার রহমান মালিথা হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। গতকাল রবিবার সাইদারের ভাই আফজাল মালিথা বাদী হয়ে পাবনা সদর থানায় মামলাটি করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন মালিথাকে। এ ছাড়া আলাউদ্দিনের সহোদর রঞ্জু মালিথা, দুলাল মালিথা, আশরাফ মালিথাসহ আরও ১৯ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার দুপুরে হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া এলাকায় সাইদার রহমান মালিথাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তার স্ত্রী দিলরুবা জাহান এ ঘটনায় আলাউদ্দিন মালিথাকে দায়ী করেন।

তবে গতকাল বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েল জানান, ময়নাতদন্ত শেষে শনিবার স্বজনদের কাছে সাইদার রহমানের মরদেহ হস্তান্তরের করা হয়। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ওসি বলেন, অভিযোগ ছাড়াও সম্ভাব্য সব ধরনের সূত্র খতিয়ে দেখছে পুলিশ।

পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘ঘটনার কারণ যা-ই হোক, এটা পরিকল্পিত হত্যা। দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।’

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘সাইদার রহমান আওয়ামী লীগের ত্যাগী নেতা। এমন হত্যাকা- কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত