ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে বেসরকারি ভাবে স্বতন্ত্র মেয়রপ্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী ২৫ হাজার ৭৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ৫৩৯ ভোট।
ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার আ. ছালেক জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দীর্ঘ ১১ বছর পর সীমানা সংক্রান্ত মামলার জটিলতাসহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের দিন রবিবার সকাল থেকে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৭ কেন্দ্রের ২৬৫টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে। ৪৭টি ভোটকেন্দ্রে ৪৭ জন নির্বাচন অফিসার দায়িত্ব পালন করেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, ৪৮০ জন পুলিশ ও ৪২৩ জন আনসার এবং ৯টি মোবাইল টিমসহ র্যাবের ৩টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মোতায়েন ছিল। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং অফিসার ভোটের মাঠে সার্বক্ষণিক তদারকি করেন।
