সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী

বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের শুভেচ্ছাদূত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৬ এএম

বাংলাদেশ থেকে এমবিবিএস ও অন্যান্য ডিগ্রি অর্জনকারী ফিলিস্তিন ও জর্ডানের নাগরিকদের শুভেচ্ছাদূত হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সম্প্রতি জর্ডানের আম্মানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ দেশ থেকে এমবিবিএস ও অন্যান্য উচ্চতর ডিগ্রি অর্জন করা ফিলিস্তিন ও জর্ডানের চিকিৎসকদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী ভিডিও বার্তায় বলেন, সরকার প্রতি বছর উচ্চশিক্ষা অর্জনের জন্য ফিলিস্তিনের শিক্ষার্থীদের নিয়মিতভাবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এসব শিক্ষার্থী বিশ্বের অন্যান্য দেশে উন্নত বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরবেন।

ড. মোমেন বলেন, ‘বাংলাদেশ সব সময়ই ফিলিস্তিন ইস্যুতে এবং জর্ডানের প্রতি সহযোগিতার মনোভাব পোষণ করে আসছে। ১৯৭১ সালে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। প্রায় দুইশো বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে অবশেষে আমরা মুক্তি পেয়েছি। সে জন্য একটা অধিকৃত দেশ ও জাতির কষ্ট ও দুর্দশা আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত