নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করতে গিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বছরে ৫ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দেয়। কয়েকটি নিত্যপণ্য বিক্রিতে টিসিবির মাধ্যমে এ টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে।
গতকাল রবিবার রাজধানীর দক্ষিণ বেগুনবাড়ীতে টিসিবির সেপ্টেম্বর মাসের বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে টিসিবি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তপন কান্তি ঘোষ বলেন, প্রতি মাসেই টিসিবির মাধ্যমে পণ্য দেওয়া হচ্ছে। এটি অব্যাহত থাকবে। এতে এক কোটি পরিবার কার্ডের মাধ্যমে পরিচালিত এ কার্যক্রমে প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হচ্ছে।
মাসে একাধিকবার পণ্য দেওয়ার সুযোগ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তপন কান্তি ঘোষ বলেন, এখন মাসে একবার করে পণ্য দিতেই বছরে প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এরপরও সবদিক চিন্তা করে ও টিসিবির সক্ষমতা বিবেচনায় ভবিষ্যতে মাসে দুবার পণ্য দেওয়া যায় কি না, মন্ত্রণালয় তা খতিয়ে দেখবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে ঢাকায় প্রায় ৩০০ পরিবেশকের মাধ্যমে টিসিবি এ কার্যক্রম চালাচ্ছে। সারা দেশে ৩ হাজার ৫০০ পরিবেশকের মাধ্যমে মাসব্যাপী বিক্রয় কার্যক্রম চালাবে টিসিবি।
আপাতত প্রত্যেক পরিবার কার্ডধারী ব্যক্তি ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি ৪০৫ টাকার প্যাকেজে নিতে পারে। আমদানি করা পেঁয়াজ ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় পরে বিক্রি করা হবে। একজন ক্রেতা ২০ টাকা দরে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আলী আহাদ খান। আরও উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কমিশনার সফিউল্লাহ সফি প্রমুখ।
