শিক্ষার্থী নিহত: সহপাঠীদের ফার্মগেটে সড়ক অবরোধ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৫ পিএম

সড়কে সহপাঠী নিহতের জেরে ফার্মগেটের সড়ক অবরোধ করেছেন তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

নিরাপদ সড়ক চাই ব্যানারে সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান জাস্টিস’ ‘আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাহিরে’ বলে স্লোগান দিতে থাকেন।

এতে ফার্মগেটের পূর্ব পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ১১টার দিকে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ, গভমেন্ট সাইন্স স্কুল ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেটের আল-রাজি হাসপাতালে সামনে জড়ো হয়।

প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে তারা এখানে আসে। পরে দুপুর ১২টার দিকে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও তারা মানেনি।

তেজগাঁও থানা-পুলিশের পক্ষ থেকে বলা হয়, জড়িত গাড়িটি আটক করা হয়েছে। আমরা জড়িত চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব বলে শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা সড়কে থেকে সরেনি।

পুলিশের পাশাপাশি তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা ও তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

গতকাল রবিবার রাজধানীর কুনিপাড়া এলাকা থেকে ফার্মগেটে কোচিংয়ে যাওয়ার পথে বিজি প্রেসের সামনে একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় নিহত হন তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত