'রেবেল স্টার' কৃষ্ণম রাজুর মৃত্যু, চাচার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন প্রভাস

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৯ পিএম

প্রয়াত হলেন অভিনেতা ও বিজেপি নেতা কৃষ্ণম রাজু। দক্ষিণী ছবির জগতে দুঃখের খবর। সম্পর্কে তিনি ছিলেন সুপারস্টার প্রভাসের কাকা।

১৯৬৬ সালে তেলেগু ছবিতে অভিষেক করেন রাজু। ১৮৩টি ছবিতে অভিনয় করেছেন তিনি তবে তার অ্যাক্টিং স্টাইলের কারণে তিনি ইন্ডাস্ট্রিতে 'রেবেল স্টার' নামেই বেশি পরিচিত। তবে অভিনেতার পাশাপাশি তিনি ছিলেন একজন সফল রাজনৈতিক নেতা। তিনি ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ।  

কেরিয়ারের শুরু থেকেই কাকা কৃষ্ণম রাজুর অনেক সহযোগিতা পেয়েছেন প্রভাস। তার সঙ্গে প্রভাসের সম্পর্ক বাবা-ছেলের থেকে কম নয়, তা সকলেরই জানা।

রবিবার তাঁর মৃত্যু হলেও শেষকৃত্য সম্পন্ন হলো সোমবার। কভিডে আক্রান্ত হয়েছিলেন কৃষ্ণম রাজু। রবিবার হায়দরাবাদের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যগ করেন তিনি।

শেষকৃত্যে আর নিজেকে সামলাতে পারলেন না প্রভাস। কান্নায় ভেঙে পড়লেন অভিভাবকহারা অভিনেতা। প্রভাসকে সান্ত্বনা দিতে শেষকৃত্যে তার পাশে দেখা গেল সুপারস্টার মহেশ বাবুকে। শেষযাত্রায় কৃষ্ণম রাজুকে শ্রদ্ধা জানালেন প্যান ইন্ডিয়া স্টার বিজয় দেবেরাকোন্ডা। সূত্র : পিঙ্কভিলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত