সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মতাবপুর গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদকে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার বাদ আছর সুনামগঞ্জ সদ উপজেলার তেঘড়িয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের আগে তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সেনাবাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন।
এ পর মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন জেলা প্রশাসক মোহামম্দ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
তারা বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ প্রায় এক মাস ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত পৌনে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
