জীবিত মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে ভাতা উত্তোলন!

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫ এএম

টাঙ্গাইলের নাগরপুরে দীর্ঘদিন দেশের বাইরে থাকা এক মুক্তিযোদ্ধাকে কাগজপত্রে মৃত দেখিয়ে ভাতার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। দেশে ফিরে বিষয়টি জানতে পেরে ওই মুক্তিযোদ্ধা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধার নাম মো. আবুল হোসেন। তিনি উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তরফরাম ঘুনিপাড়া গ্রামের মো. বদর উদ্দিন মিয়ার ছেলে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধদের সমম্বিত তালিকায় নাগরপুর উপজেলায় তার ক্রমিক নম্বর ৫২১।

অভিযোগ সূত্রে জানা যায়, আবুল হোসেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর সেনাবাহিনীতে যোগ দেন। চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে তাকে থাকতে হয়েছে। ১৯৮০ সালে ছুটিতে এসে আর চাকরিতে যোগদান করেননি। কিছুদিন পর তিনি ভারতে চলে যান। ভারতে যাওয়ার আগে তার যাবতীয় কাগজপত্র মায়ের কাছে রেখে যান। গত তিন বছর আগে তিনি দেশে ফিরেন। পরে তিনি জানতে পারেন কাগজপত্রে তিনি মৃত। পরিবারের সবাই তাকে মৃত জেনে ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু সনদও তুলেছে। তিনি আরও জানতে পারেন তাকে মৃত দেখিয়ে তার নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা ভাতা তার বাবার মাধ্যমে উত্তোলন করা হয়েছে। এলাকার একটি কুচক্রী মহল তার বাবাকে ভুল বুঝিয়ে এ কাজ করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত