শরীয়তপুরের ডামুড্যায় সতেরো বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ডামুড্যা থানায় একটি মামলা করেছেন।
অভিযোগটি উঠেছে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া গ্রামের বৃদ্ধ কাশেম কবিরাজের (৬৫) বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার, মামলা ও স্থানীয় সূত্র জানায়, ওই কিশোরীর মা ও বাবা শারীরিক প্রতিবন্ধী।
গত সোমবার বিকেলে ওই কিশোরীর মা-বাবা তাকে বাড়িতে একা রেখে বাজারে চিকিৎসকের কাছে যান।
এই সুযোগে কাশেম কবিরাজ ঘরে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করেন। তখন চিৎকার করলে প্রতিবেশীরা দৌড়ে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। ততক্ষণে কাশেম পালিয়ে যায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে কাশেম কবিরাজ এলাকায় টাকা বিলিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ বলেন, ওই কিশোরীর মা বাদী হয়ে কাশেম কবিরাজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেছেন।
মেডিকেল পরীক্ষার জন্য কিশোরীকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।
