আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আনোয়ারা-কর্ণফুলী আসনের সাংসদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এগিয়ে যাওয়া বিএনপি-জামায়াতের পছন্দ নয়। তাই তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে নিয়ে নিত্যনতুন উপায়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বাংলার জনগণ তাদের বারবার প্রত্যাখান করেছে। ফলে দেশের জনগণের ওপর আর তাদের আস্থা নেই। তাই তারা তাদের বিদেশি প্রভুদের কাঁধে ভর করে ক্ষমতায় আসতে চায়।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরো বলেন, দেশে সব কিছুর স্বাভাবিক মওজুত থাকা সত্ত্বেও তারা নানান অপপ্রচার চালিয়ে দেশকে কৃত্রিম শ্রীলঙ্কা বানানোর স্বপ্ন দেখছে। গুজব ছড়িয়ে লাভ নেই, বাংলাদেশ কখনো পাকিস্তান বা শ্রীলংকা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সহ-সভাপতি এস এম আলমগীর চৌধুরী, কর্ণফুলী উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পিযুষ কুমার চৌধুরী, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালীব, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি মো.আলী, বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান সোলায়মান তালুকদার প্রমুখ।
