রানাঘাট স্টেশন থেকে বলিউড; রানু মণ্ডলের বায়োপিকের ফার্স্টলুক প্রকাশ্যে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৬ পিএম

রানাঘাট স্টেশন থেকে বলিউডে পাড়ি। একটা গানেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি তারকা হন রানাঘাটের লতাকণ্ঠী রানু মণ্ডল। আর সেই গানের লাইনই হয়ে গেল তার বায়োপিকের নাম। 

image
রানু মণ্ডল ও বায়োপিকে তার চরিত্রে রূপদানকারী ঈষিকা দে

প্রকাশিত হলো রানু মণ্ডলের বায়োপিক 'এক পেয়ার কা নাগমা হ্যায়'-এর ফার্স্টলুক।

imageরানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে গান করে আয় করা রানু মণ্ডলের বলিউড যাত্রা ছিল একেবারে স্বপ্নের মতো। পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে প্লেব্যাকও করেন তিনি। সেই সময় অনেকেই ভেবেছিলেন এবার বুঝি রানুর কপাল খুলে গেল। আর স্টেশন বসে হাত পাততে হবে না তাকে। খ্যাতির পাশাপাশি তার বিড়ম্বনাও সইতে হয়েছে রানুকে। হিমেশের সঙ্গে 'তেরি মেরি' গান গেয়ে একদিকে যেমন ভাইরাল হয়েছিলেন, তেমনি সেই গান নিয়েই রানুকে কটাক্ষ করা শুরু করেন নেটিজেনরা।

অবশ্য গ্ল্যামারের স্মৃতি পেছনে ফেলে আবারো রানাঘাটের বাড়িতে ফিরেছেন রানু মণ্ডল। স্থানীয় কিছু মানুষ ও ক্লাবের সাহায্যে দিন চলে তার। রানু মণ্ডলের জীবনের কাহিনি বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক হৃষীকেশ মণ্ডল। নাম ভূমিকায় অভিনয় করেছেন 'সেক্রেড গেমস'-খ্যাত অভিনেত্রী ঈশিকা দে। রানু মণ্ডলের রূপে চমকে দিয়েছেন তিনি। রানুর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন অভিনেত্রী। 

ছবির সংগীতের দায়িত্বে ছিলেন সিধু, সুরজিৎ চট্টোপাধ্যায়, নীলাকাশ রায় এবং সন্দীর কর। সৌমেন ঘোষের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে। প্রথমে শোনা গিয়েছিল, ছবির নাম হচ্ছে 'মিস রানু মারিয়া'। তবে তা পাল্টে রাখা হয় 'এক পেয়ার কা নাগমা হ্যায়'। তবে কবে এটি মুক্তি পাবে সে সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত