রামপুরায় বাসায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:০০ পিএম

রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার বিকেলে সৈয়দ আরিফ আহমেদ (২৪) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে রামপুরা থানা পুলিশের একটি দল। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সৈয়দ আরিফ আহমেদের মৃত্যুর কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। রামপুরা থানার এসআই মো. মমিনুর রহমান জানান, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব রামপুরা হাই স্কুল গলির ২১৯/২ নম্বর বাসার চতুর্থ তলা থেকে আরিফের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় মরদেহটি। মা রেবেকা আক্তার ও বোন সৈয়দা ফেরদৌসীর সঙ্গে ওই বাসায় থাকতেন আরিফ। তার বাবা মৃত আক্তার আহমেদ। তাদের বাড়ি মাগুরার শ্রীপুরের মাজাইল এলাকায়।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, আরিফের মা ও বোন গত বৃহস্পতিবার একটি দাওয়াতে ফরিদপুর গেছেন। এর পর থেকে বাসায় একাই ছিলেন আরিফ। শুক্রবার রাত ৪টা পর্যন্ত পরিবারের সদস্যসহ বিভিন্ন জনের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়েছে। গতকাল সকালে তাকে ফোনে না পেয়ে খালা সাইফুন্নাহার পাপিয়া ওই বাসায় যান। তবে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকের সাহায্যে দরজা ভেঙে ভেতরে ঢুকে আরিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেন।

পুলিশের অপর এক কর্মকর্তা বলেন, পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত ছিলেন আরিফ। এ কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও আরও গভীরে গিয়ে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। আরিফের মা ও বোনকে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকায় এলে তাদের কাছ থেকে আরও বিস্তারিত জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত