নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আরও দুই পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছে। রবিবার দুপুরে আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মশিয়ার রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। এ নিয়ে এই মামলায় মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ জানান, রবিবার সোনারগাঁ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক তবিদুর রহমান ও উপ-সহকারী পরিদর্শক রাকিবুল ইসলাম উজ্জ্বল সাক্ষ্য প্রদান করেছে আগামী ৩০ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের নির্দেশে মামুনুল হককে পুনরায় কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ঘেরাও করে। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যায়। পরে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী। কিন্তু মামুনুল হক দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।
