৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৮ এএম

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো সুনামির কোনো সতর্কতা জারি হয়নি। 

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ভূমিকম্পে দেশটিতে একজনের মৃত্যু হয়েছে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে খবরে বলা হয়েছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ সীমান্তবর্তী মিচোয়াকেন এবং কোলিমা এলাকায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। 

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ এক ভিডিও বার্তায় বলেছেন, ভূমিকম্পে বন্দর এলাকা মানজানিলোতে একটি দোকানের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে।

মেক্সিকো সিটির মেয়র ক্লডিয়া শিনবাউম বলেছেন, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে রাজধানীতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

১৯ সেপ্টেম্বর দিনটি মেক্সিকোর ইতিহাসে 'আতঙ্কের' বলে উল্লেখ করেছেন আর্নেস্টে লানজেটা নামের এক ব্যবসায়ী। ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর শক্তিশালী এক ভূমিকম্পে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ১৯৮৫ সালের একই তারিখে আরেক ভূমিকম্পে প্রাণ হারান সহস্রাধিক মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত