বড়লোক হলে নিজেই প্লেন চালিয়ে নেপাল যেতেন সালাউদ্দিন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৭ পিএম

হিমালয়ের দেশে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয় বাংলাদেশ। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাবিনাদের ট্রফি নিয়ে উদযাপন ঘরে বসে টিভিতে দেখেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে তার মনটা ঢাকায় নয়, পড়েছিল কাঠমুন্ডুতে। আজ সংবাদ সম্মেলনে নিজের অনুভূতিতে তিনি জানান, বড়লোক হলে প্লেন চালিয়ে নেপাল চলে যেতেন।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আবার সাফেরও সভাপতি। দক্ষিণ এশিয়ার ফুটবলের শীর্ষ কর্তা হিসেবে ট্রফি তারই দেওয়ার কথা ছিল। কিন্তু ফাইনালের আগে তার উপস্থিতি মেয়েদের জন্য যাতে বাড়তি চাপ না হয় তাই তিনি নেপাল যাননি।

সাফের ট্রফি জয় উপলক্ষে বাফুফে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সেখানে কথা বলেন সভাপতি সালাউদ্দিন। এ সময় তিনি নিজে প্লেন চালিয়ে নেপাল যাওয়ার আকাঙ্খা প্রকাশ করেন। সালাউদ্দিন বলেন, ‘আমি বলেছি কাপটা নিজ হাতে আমার দেশকে দিতে পারলে এর থেকে গর্ব কিছু হবে না। যখন টিম জিতছে আমি যদি ওরকম বড়লোক হতাম, প্লেন নিজে চালিয়া ওখানে নাইমা যাইতাম। কালকে আমার ভাবটা এরকম ছিল।’

নেপালে যখন খেলা চলে সালাউদ্দিন ঢাকায় বসে খেলা দেখছিলেন। তিনবার নেপালের টিকিট করেও যাননি বাফুফে সভাপতি। কারণ, একটাই মেয়েরা যাতে বাড়তি চাপ অনুভব না করে। তাইতো নিজ হাতে ট্রফি দেওয়ার লোভ সামলে দেশে বসেই খেলা দেখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত