কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেবেরচর এলাকায় পুরনো ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে এসে নৌকাডুবিতে শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছে। গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকাল থেকে তল্লাশি চালিয়েও তাদের পাওয়া যায়নি।
নিখোঁজ তিনজন হলো হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম (৩৫), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরশাখচূড়া গ্রামের ছমেদ আলীর ছেলে সিফাত (১৫) ও একই গ্রামের নিখোঁজ সিফাতের ভাতিজা ইয়াছিন (৫)।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, নিখোঁজ শামীমের এ মাসের ২৫ তারিখে ওমান যাওয়ার কথা ছিল।
তার ভাই জাহাঙ্গীর আলম জানান, সোমবার বিকেল ৫টা ৪৮ মিনিটের সময়ও তার ভাই শামীম ফেইসবুক লাইভে ছিলেন। এ সময় তিনি বলছিলেন তাদের নৌকাটি তলিয়ে যাচ্ছে। নিখোঁজ হওয়া ইয়াছিনের বাবাও ওই নৌকায় ছিলেন। তিনি তার ভাগিনাকে নিয়ে সাঁতরে তীরে উঠতে পারলেও তার সন্তানকে বাঁচাতে পারেননি বলে নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) হরিদাশ জানিয়েছেন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চার সদস্যের ডুবুরি দল গতকাল মঙ্গলবার সকাল থেকে নদীর দুই কিলোমিটার এলাকায় তল্লাশি চালিয়েও নিখোঁজদের সন্ধান পায়নি।
