নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাসের ধাক্কায় খোরশেদ আলম সিকদার (৫৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী-কুমিল্লা রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তিনি দৈনিক দিনকালের সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি ও সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছিলেন।
খোরশেদ আলম উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের আনন্দিপুর গ্রামের হামিদ উল্যাহ পণ্ডিত বাড়ির মৃত মো. ইদ্রিসের ছেলে।
দুর্ঘটনার পরে বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পেশাগত কাজে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে পার্শ্ববর্তী চাষিরহাট বাজারে যাচ্ছিলেন। এ সময় জেলা শহর মাইজদী থেকে ঢাকাগামী লাল সবুজ পরিবহনের একটি বাস সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকায় তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা গৌরীপুর বাজার এলাকায় তার মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার ওসি হারুন আর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
