কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীরা মোহাম্মদ জাফর আলম (৩৫) নামের এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন ক্যাম্পে দায়িত্বরত আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)।
বুধবার ভোরে কক্সবাজারের উখিয়ার পালংখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই হত্যাকাণ্ড ঘটে।
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার (অপারেশন) মো. ফারুক আহমেদ জানান, আজ বুধবার ভোর রাত ৪টার দিকে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ৫১ ব্লকে পাহারারত ভলান্টিয়ারদের লক্ষ্য করে একদল দুর্বৃত্ত হামলা চালায়।
দুষ্কৃতকারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং ভলান্টিয়ার মো. জাফরকে (৩৫) কুপিয়ে গুরুতর আহত করেন।
খবর পেয়ে এপিবিএন পুলিশ ও সাধারণ রোহিঙ্গারা আহত জাফরকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাফর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ৫১ ব্লকের মৃত বদিউর রহমানের ছেলে।
সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ আরও জানান, নিহত জাফর একজন ভলান্টিয়ার। রাতের বেলায় ক্যাম্পে তিনি নিয়মিত পালাক্রমে পাহারা দিতেন। ভোরের দিকে পাহারা শেষ করে নিজ ঘরে চলে যাওয়ার সময় ১৭ নম্বর ক্যাম্পের দিক থেকে আসা ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত গুলি চালিয়ে জাফরকে ধরে উপর্যুপরি কুপিয়ে খুন করে।
এ ঘটনার পরপরই এপিবিএন পুলিশ অভিযান শুরু করে। বর্তমানে ক্যাম্প-১৮ পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ টহল অব্যাহত আছে।
ক্যাম্পে প্রবেশে জোরদার চেকপোস্ট, সার্বক্ষণিক টহল ও ব্লক-রেইডের মাধ্যমে ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উক্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
ভিকটিমের নিকটাত্মীয় কর্তৃক উখিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
