চ্যাম্পিয়নদের বরণের দিনে জৌলুসহীন বাফুফে ভবন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৯ পিএম

সাবিনাদের জন্য বাড়তি চাপ হবে বলে কাজী সালাউদ্দিন নেপাল যাননি। সাফ জয়ী মেয়েরা গণমাধ্যমের নজরের বাইরে চলে যাবে ভেবে যাননি বিমানবন্দরেও। চিরচেনা ও ফুটবলারদের ঠিকানা বাফুফেতে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য অপেক্ষা করছেন তিনি। তবে শিরোপা জয়ীদের বরণে বাফুফে যেন জৌলুসহীন। সাদামাটা আবহেই নারী ফুটবল দলকে সেখানে বরণ করবেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের চারতলায় সাবিনাদের আবাস। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাফুফে ভবনে ফুটবলারদের সঙ্গে সেখানেই সাক্ষাৎ করবেন। তবে ভবন তেমন সাজানো হয়নি। ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি আর গণমাধ্যম কর্মীদের ভিড়ই যা আড়ম্বর যোগ করছে।

বাফুফে ভবন মতিঝিলের আরামবাগ এলাকায়। এখানে মোহামেডান, মেরিনার্স, আরামবাগসহ অনেক ক্লাব আছে। ফুটবল সংশ্লিষ্ট অনেকেই বাফুফে ভবনে এসেছেন। বাফুফে ভবনে সাবিনাদের স্বাগত জানাবেন একাডেমির তরুণ ফুটবলাররা। তারা সাবিনাদের পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে শিরোপার স্বপ্ন দেখছেন। বাংলাদেশ নারী দল বাফুফেকে অনেক বড় সাফল্য এনে দিয়েছে। বাফুফে ভবনে মেয়েদের জন্য একটি বড় ব্যানার ছাড়া কিছু নেই।

বুধবার বেলা ১টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। সেখানে সংক্ষিপ্ত সংবর্ধনা দেওয়া হয় তাদেরকে। এরপরই ছাদ খেলা বাসে উৎসব করতে করতে মতিঝিলে বাফুফে ভবনের পথ ধরেন নারী ফুটবলাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত