পুলিশ-বিএনপি সংঘর্ষ: মুন্সীগঞ্জে বিএনপি নেতার ভাগনের সুতার কারখানায় আগুন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০১:২৪ পিএম

পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর গভীর রাতে বিএনপি দলীয় সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ভাগনের সুতার কারখানায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মীরেশ্বরাই গ্রামে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাইয়ের ভাগনে নিজাম উদ্দিনের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় কারখানাটির পাশের অন্তত ৫টি বসতঘর পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার পুরাতন ফেরিঘাটে বুধবার বিকেলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুক্তারপুরসহ আশপাশের এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। মানুষজন যে যার ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে আগুনের পোড়া গন্ধে তাদের ঘুম ভেঙে যায়।

দেখতে পান নিজাম উদ্দিনের সুতার কারখানায় দাউ দাউ করে জ্বলছে আগুন। ওই আগুন পার্শ্ববর্তী ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিজাম উদ্দিন অভিযোগ করেন, পুলিশের সঙ্গে সংঘর্ষের জের ধরেই তার সুতার কারখানায় আগুনে দেওয়া হয়েছে।

সদরের পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফার লোকজন সুতার কারখানায় আগুন দিয়েছেন বলে দাবি করেন তিনি।

তার দাবি, আগুনে ৭০-৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।

এদিকে, আগুনে সুতার কারখানার পার্শ্ববর্তী রমজান মিয়া ও রেশিয়া বেগমের বসতঘর পুড়ে গেছে।

রমজান মিয়া বলেন, বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আমরা তো বাড়িতেই ছিলাম। আর ওই ঘটনার জের ধরে বিএনপি নেতার ভাগনে সুতার কারখানায় আগুনে দিল। সেই আগুনে আমাদেরও ঘর পুড়ে গেল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রকিব জানান, গভীর রাত ২টার দিকে আগুনের খবর পান তারা। তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুমন দেব বলেন, ‘সুতার কারখানায় আগুন দেওয়ার সময় সেখানে কোনো পুলিশ ছিল না। কারা আগুন দিয়েছে তা জানা নেই। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে খতিয়ে দেখা হবে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আগুন দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

তিনি বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় আমরা চিন্তিত। আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। আজ দলীয় কার্যালয়ে সভা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত