দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে ছাত্রলীগের মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে সাতদিনের মধ্যে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনকে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
সাংবাদিক নেতারা বলেছেন, সাংবাদিকদের কাজ হলো সত্য তুলে আনা। সঠিক তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলেও মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে পেশাদার সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। পাভেল হায়দার ছাড়াও অন্য ৫ সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি দল আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের মধ্যে কিছু সুবিধাবাদী লোক ঘাপটি মেরে বসে আছে। তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। সাংবাদিকদের বিরুদ্ধে যারা মামলা করে তাদের বিরুদ্ধে আগে তদন্ত হওয়া উচিত।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, দুর্নীতিবাজ, অপরাধীরা অপরাধ করবে। সাংবাদিকরা নিউজ করলে আবার মামলা করবে। মামলা করে অপরাধীরা তাদের অপরাধ ঢাকতে চায়।
ডিইউজে সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা করে হয়রানি করা একটা জঘন্য কাজ। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, সাংবাদিকদের সংবাদের ভিত্তিতে সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা উচিত।
ডিআরইউ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব বলেন, বোঝা যায়, এ মামলা হয়রানির জন্য করা হয়েছে। বিপিজেএ সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, সহসভাপতি মসিউর রহমান খান, যুগ্ম সম্পাদক কাজী সাজিদুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য আজমল হক হেলাল, সদস্য শরিফুল ইসলাম খান প্রমুখ।
